বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপিসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করছে র্যাব। তাদের কাছ থেকে জাল টাকা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ২৫/৩০ কোটি টাকার সমপরিমাণ জাল টাকা বানানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল (কাগজ, কালি, জলছাপ দেওয়ার সামগ্রী) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—সেলিম, মনির, মঈন, রমিজা বেগম, খাদেজা বেগম ও শাহীনুর ইসলাম ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর একটি বিশেষ দল রবিবার মধ্য রাত থেকে মিরপুরের পল্লবী ও ভাটারা এলাকায় অভিযান চালিয় তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, গ্রেফতারকৃত মঈন ও মনিরকে জাল টাকা ছাপানোর সহযোগিতা করত অন্যরা। রমিজা বেগম সেলিমকে কাগজে আঠা লাগানোর কাজে সহায়তা করত এবং প্রয়োজনীয় ফুটফরমাশ খাটত। খাদেজা বেগম এবং শাহীনুর সাদা কাগজে নিরাপত্তা সুতার জলছাপ দেওয়ার কাজ করত। এ বিপুল পরিমাণ জাল টাকা আগামী কোরবানি ঈদে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।
র্যাব জানায়, ঈদ-উল-আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের ব্যাপকতা এবং ব্যস্ততার সুযোগ নিয়ে অসাধু চক্র দেশব্যাপী জাল টাকা ছড়িয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বিশেষ করে কুরবানির পশুর হাটে ব্যাপক লেনদেনকে কেন্দ্র করে জাল টাকা ব্যবসায়ীরা অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। একশ্রেণীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ছে।