লাখাইয়ে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

হবিগঞ্জের লাখাইয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। বুধবার দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার করাব গ্রামের নোয়াহাটি এবং মোল্লা বাড়ির গোষ্ঠীর লোকজনের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মাঝে একাধিক মামলাও রয়েছে। এর জের ধরে বুধবার দুই গোষ্ঠীর লোকজনের মাঝে সংঘর্ষ বাধে। দফায় দফায় একপক্ষ আরেকপক্ষের উপর হামলা পাল্টা হামলা চালায়। খবর পেয়ে লাখাই ও হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে লাখাই-হবিগঞ্জ সড়কে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকে। সংঘর্ষের ঘটনায় ৯ পুলিশ সদস্যসহ অর্ধশত লোক আহত হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলাম, লিলু মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, মশিদুল, সুজন মিয়া ও নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের অনেকেই গ্রেফতার আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছে। আহত অন্যদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।