সিরীয় কুর্দি বিদ্রোহীদের সুরক্ষা দিতে চায় যুক্তরাষ্ট্র :ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সুরক্ষা দিতে চায়। কিন্তু তাই বলে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনী চিরদিনের জন্য মোতায়েন থাকতে পারে না। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

কুর্দি ওয়াইপিজি/ পিকেকে বিদ্রোহীদের সুরক্ষার কথা বললেও একইসঙ্গে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ইরানের কাছে তেল বিক্রিরও অভিযোগ তোলেন ট্রাম্প।

তিনি বলেন, আমাদের কুর্দি অংশীদার ওয়াইপিজি ইরানের কাছে তেল বিক্রি করছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য কোনো রোমাঞ্চকর বিষয় নয়। কিন্তু তারপরও আমরা তাদের সুরক্ষা দিতে চাই। তবে আমি চিরদিনের জন্য সিরিয়ায় মার্কিন উপস্থিতি চাই না।

এদিকে সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ট্রাম্পের ঘোষণার পরও সিরিয়ার মানবিজে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা। মানবিজের রাস্তায় টহল দিচ্ছে মার্কিন সাঁজোয়া যান। ট্রাম্প অবশ্য বলেছেন, সেনা প্রত্যাহারে তার দেশ তাড়াহুড়া করবে না। ধীরেসুস্থে সেনাদের সিরিয়া থেকে ফিরিয়ে নেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী মানবিজের আকাশে এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর আকাশযানগুলোর তত্পরতা দৃশ্যমান হতে পারে।

২০১৬ সালে মার্কিন বাহিনীর সহায়তায় মানবিজের দখল নেয় কুর্দিপন্থি বিদ্রোহীরা। ট্রাম্পের ঘোষণার পরও সেখানকার রাস্তায় সশস্ত্র কুর্দি বিদ্রোহীদের টহল দিতে দেখা গেছে। মোহাম্মদ আহমেদ নামের ২৮ বছরের এক দোকানি বলেন, আমেরিকার উপস্থিতি মানুষের জন্য স্বস্তির। তাদের উপস্থিতি মানবিজের জন্য একটি শক্তি। কিন্তু তাদের প্রত্যাহার করে নেওয়ার খবর উদ্বেগের।

এদিকে মানবিজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে মার্কিন বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আল ব্রাউন বলেছেন, মানিবিজ শহরে সামরিক বাহিনীর পরিবর্তনের ভুল তথ্য সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট এমন দাবির কোনো সত্যতা পায়নি। তিনি বলেন, সব পক্ষকেই মানবিজের অখণ্ডতা এবং সেখানকার বাসিন্দাদের সুরক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আল ব্রাউন বলেন, আমাদের লক্ষ্য পরিবর্তন হয়নি। সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার সত্ত্বেও আমরা মিত্রদের সহায়তা দেওয়া অব্যাহত রাখব। তাদের সুরক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আসাদ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে, তারা মানবিজে প্রবেশ করে সিরিয়ার পতাকা উড্ডয়ন করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র দাবি, তুরস্কের সামরিক অভিযান মোকাবিলায় সহায়তা করতে সশস্ত্র কুর্দি সংগঠনগুলোর আমন্ত্রণে সাড়া দিয়ে মানবিজে প্রবেশ করেছে আসাদ বাহিনী।

সমপ্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর কুর্দি নিয়ন্ত্রণাধীন মানবিজ অঞ্চলে ঢুকে পড়ে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। এরপরই কুর্দি প্রভাবিত মানবিজের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।