চীনের সঙ্গে এক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। চীনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের বুধবার দেওয়া বক্তৃতার পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, একসঙ্গে হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বেইজিংয়ের শর্ত মেনে তাইওয়ান কোনোদিনই চীনের সঙ্গে এক হবে না।
সাই ইং-ওয়েন আরও বলেছেন, আমি আবারো জানাচ্ছি, তাইওয়ান ‘এক দেশ, দুই সরকার’ নীতি কখনোই মানবে না। এখানকার প্রত্যেকটি মানুষ সেটাই বিশ্বাস করে। ‘এক দেশ দুই সরকার’ নীতিতে স্বশাসনের ক্ষমতা তাইওয়ানের হাতেই দেওয়ার কথা, যেমনটা হংকংয়ের ক্ষেত্রে রয়েছে। শি জিনপিংয়ের এ বক্তব্যের আগেই নতুন বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছিলেন, তাইওয়ানে চীন সম্পর্কে কী ধরনের প্রতিক্রিয়া কাজ করে, তা বুঝতে অনুরোধ করছি তাদের। আমাদের দুই কোটি ৩০ লাখ মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যা ভাবে—সেটার প্রতি সম্মান দেখান। দুই পক্ষের মধ্যে যে ভিন্নতা, তাকেও শান্তিপূর্ণ চোখে দেখতে শিখুন।
চীন ১৯৭৯ সালে তাইওয়ানকে একত্র হওয়ার প্রস্তাব দিয়েছিল। এরই ৪০ বছর পূর্তিতে বক্তৃতা দিয়েছিলেন শি জিনপিং। শি’র বুধবারের বক্তৃতা অতীতের তুলনায় কিছুটা আলাদা বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার দুই দেশের ‘পুনর্মিলন’ নিয়ে বেশি সরব তিনি। তাইওয়ান একই চীনা পরিবারের অংশ বলে তার দাবি।