রাহুলকে ‘জরুরি অবস্থার’ একনায়কের নাতি বললেন জেটলি

রাফাল নিয়ে বুধবার ভারতের সংসদে ঝড় হয়ে গেছে। সেই ঝড়ের রেশ বৃহস্পতিবারও পুরোদমে জারি ছিল। এবার মোদীর সাক্ষাত্কার নিয়ে তর্কে জড়ালেন অরুণ জেলটি ও রাহুল গান্ধী। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে রাহুলকে টুইটারে কটাক্ষ করলেন জেটলি। অন্যদিকে খোঁচা দিয়ে রাহুল বললেন, সংসদ থেকে পালিয়ে ‘লাভলি ইউনিভার্সিটি’ সফরে মোদী। খবর আনন্দ-বাজার পত্রিকা

নতুন বছর শুরুর দিন মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে সাক্ষাত্কার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তাতে রাফাল নিয়ে মোদী বলেছিলেন, কংগ্রেস ছাড়া রাফাল নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তারপর বুধবার লোকসভায় রাফাল নিয়ে বিতর্ক হয়। সেই বিতর্কে রাহুল বলেন, ৯৫ মিনিটের মোদীর ওই সাক্ষাত্কার ছিল সাজানো। পরে সাংবাদিক সম্মেলনেও একই কথা বলার পাশাপাশি ওই সংবাদ সংস্থার যিনি সাক্ষাত্কার নিয়েছিলেন তাকে ‘প্রভাবিত’ বলেও উল্লেখ করেন রাহুল। সেই প্রসঙ্গ টেনেই এদিন টুইটারে রাহুলকে আক্রমণ করেন অরুণ জেটলি। তিনি লিখেছেন, জরুরি অবস্থা চাপিয়ে দেওয়া একনায়কের নাতি তার আসল ডিএনএ-র পরিচয় দিয়েছেন। একজন স্বাধীন সম্পাদককে আক্রমণ এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য অবমাননা করেছেন। এ সময় মুক্তমনাদের দিকে আঙ্গুল তুলে জেটলি কটাক্ষ করে বললেন, তথাকথিত সেইসব বিদ্বত্জনরা চুপ কেন? সম্পাদকদের সংগঠনকে এক হাত নিয়ে জেটলি টুইটারে লিখলেন, এডিটর্স গিল্ডের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।

এদিকে লোকসভায় রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি খারিজ হয়েছে। কিন্তু রাহুল গান্ধী এবং তার ঘনিষ্ঠরা মনে করছেন, মূল দাবি খারিজ হলেও বিতর্কে তাদেরই জয় হয়েছে। এমনকি তর্ক করতে গিয়ে জেটলিও খেই হারিয়ে রাফালের দামও প্রকাশ করে ফেলেছেন। এই জয়ের রেশ ধরে রেখেই এদিন ফের মোদীকে আক্রমণ করেন রাহুল। কটাক্ষ করে টুইটারে তিনি লিখলেন, সুতরাং আমাদের প্রধানমন্ত্রী রাফাল পরীক্ষা থেকে এবং সংসদ থেকে পালিয়ে পাঞ্জাবে লাভলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে যাচ্ছেন। ছাত্রদের আমি অনুরোধ করব, আমি বুধবার যে চারটি প্রশ্ন তুলেছি, তারাও যেন প্রধানমন্ত্রীকে সেই প্রশ্নগুলো করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাক্ষাত্কার নিয়ে রাহুলের মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে রাফাল ইস্যুকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিতে চাইছেন জেটলি। যদিও রাহুল আঁকড়ে ধরে রেখেছেন রাফালকেই। রাজনৈতিক মহলের মত, আসন্ন লোকসভা ভোট পর্যন্ত রাফালকে জিইয়ে রাখতে চাইছেন কংগ্রেস সভাপতি।