অস্কার মঞ্চে এবার আলিয়ার আমন্ত্রণ

বিনোদন ডেস্ক

 

সম্প্রতি আমন্ত্রিত নাম ঘোষণা করলো অস্কার কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম উঠে এলো বলিউড তারকা হূত্বিক রোশন ও আলিয়া ভাটের। এছাড়াও রয়েছেন কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, তথ্যচিত্র পরিচালক নিষ্ঠা জৈন ও অমিত মাধেশিয়া, ভিজ্যুয়াল অ্যাফেক্টস সুপারভাইজার বিশাল আনন্দ ও সন্দীপ কামাল। এই আমন্ত্রণে সাড়া দিলে আগামী অস্কার প্রদান অনুষ্ঠানে তারা সবাই পাবেন ভোট দেওয়ার অধিকার। অ্যাকাডেমির তরফে ঘোষণা করা হয়েছে ২০১৬ সালে তারা যে অঙ্গীকার করেছিল ২০২০ সালের মধ্যেই তা পূর্ণ করা হবে। ২০১৬ সালে বিতর্কে জর্জরিত হয় অস্কার অনুষ্ঠান। অভিযোগ ওঠে অস্কারে বেশি প্রাধান্য পান শেতাঙ্গরা। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০ সালের মধ্যে দ্বিগুণ করা হবে মহিলা এবং বিশ্বের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের উপস্থিতি। ২০২০ সালে অস্কারের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ৪৫ শতাংশ মহিলা, ৩৬ শতাংশ বিভিন্ন সম্প্র্রদায়ের মানুষ, ৪৯ শতাংশ আন্তর্জাতিক তারকা মোট ৬৮টি দেশ থেকে, ৭৫ জন অস্কার মনোনীত এবং ৫ জন সায়েন্টিফিক ও টেকনিক্যাল পুরস্কার বিজয়ী। অ্যাকাডেমির সভাপতি ডেভিড রুবিন জানিয়েছেন, ‘মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে বিশিষ্টজনদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সব সময়ে গ্লোবাল ফিল্ম সম্প্রদায়ের অনন্য প্রতিভাদের আপন করে নেওয়াতেই বিশ্বাসী।’