স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো আর পাওলো দিবালা করোনাসৃষ্ট বিরতির পর থেকেই অপ্রতিরোধ্য। মঙ্গলবার রাতে জেনোয়ার বিপক্ষে তাদের সঙ্গে যোগ দিলেন ডগলাস কস্তাও। ত্রয়ীর নৈপুণ্যে ৩-১ গোলে জিতে সিরি আর শীর্ষে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে জুভেন্তাস।
জেনোয়ার বিপক্ষে নিজেদের মাঠে প্রথম গোলের জন্য মাউরিজিও সারির শিষ্যদের অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। দারুণ ড্রিবলে প্রতিপক্ষ রক্ষণ ভেঙে দলকে এগিয়ে দেন পাওলো দিবালা।
৫৬ মিনিটে রোনালদো চমক। প্রায় ২৫ গজ দূর থেকে তার শট জেনোয়া জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ করে সিরি আ চ্যাম্পিয়নরা। ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে কস্তার দূরপাল্লার শটে গোলে তিন পয়েন্ট নিশ্চিতই করে ফেলে দলটি। এর চার মিনিট পর আন্দ্রেয়া পিয়েমন্তির লক্ষ্যভেদে ব্যবধান কমায় সফরকারীরা। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস।
এ জয়কে ব্যক্তিগত নৈপুণ্যের ফল আখ্যা দিয়ে কোচ সারি বললেন, ‘দ্বিতীয়ার্ধে যখন আমরা তিন ব্যক্তির তিনটি অসাধারণ ব্যক্তিগত ঝলকে এগিয়ে গিয়েছি। দিবালার অসাধারণ ছোঁয়া, রোনালদোর দুর্দান্ত শট আর কস্তার ঠিক জায়গায় বল পৌঁছাতে পারার দক্ষতায় জিতেছি আমরা।’
টানা তিন জয়ে কোপা ইতালিয়ার ফাইনালে হারের দুঃস্বপ্নকেও পেছনে ফেলেছেন রোনালদোরা। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো করেছিলেন ২৮ গোল, চলতি মৌসুমের একটা বড় অংশ বাকি থাকতেই সে সংখ্যাটা ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ তারকা। বাকি দলও ফিরেছে দারুণ ছন্দে।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে সারির মূল্যায়ন, ‘লকডাউন শেষ হওয়ার পর পরিস্থিতির ওপর আমি একটা মূল্যায়ন করেছিলাম। বলেছিলাম যে, কিছু পরিবর্তিত হয়েছে। তারপর সবাই আমাকে নিয়ে মজা করা শুরু করল কারণ আমরা কোপা ইতালিয়ার ফাইনালে হেরেছিলাম।’
তিনি আরো যোগ করেন, ‘সত্যটা হচ্ছে যে, আমরা উন্নতি করার পর থেকেই ভালো খেলতে শুরু করেছি। এটা হয়েছে কারণ সবার অবস্থা লকডাউনের সময়ে আরো ভালো হয়েছে।’