আটক থাকা ফিলিস্তিনি বন্দিদের অবস্থা আরও খারাপ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাড এরদান বুধবার জানিয়েছেন। নতুন পরিকল্পনার আওতায় বন্দিদের পানি সরবরাহ নির্দিষ্ট করা ছাড়াও পরিবারের সঙ্গে সাক্ষাতের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি মন্ত্রিসভায় অনুমোদনের পর কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইসরাইলের এই উদ্যোগকে মানবাধিকার হরণের আরও একটি নজির বলে কঠোর সমালোচনা করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ ও অ্যাকটিভিস্টরা।
বুধবার ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাড এরদান সাংবাদিকদের বলেন, নতুন পরিকল্পনায় কারাগারে রান্নার অধিকার বাতিল এবং বন্দিদের টেলিভিশন দেখার সুযোগ সীমিত করা হবে। বন্দিদের দৈনিক ব্যবহার্য পানির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হবে জানিয়ে ইসরাইলি মন্ত্রী বলেন, বন্দিরা প্রতিদিন কতবার গোসল করতে পারবে তাও নির্দিষ্ট করে দেওয়া হবে।
মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের সংগঠন হামাস সংশ্লিষ্ট বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইসরাইলি মন্ত্রী। নতুন পরিকল্পনায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এর সদস্যদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ বন্ধ করা হবে। হামাস ও তাদের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ সংশ্লিষ্ট বন্দিদের আলাদা রাখার নীতি বাতিল করা হয়েছে জানিয়ে এরদান বলেন, সংগঠনের ভিত্তিতে বন্দিদের আলাদা রাখার কারণে তাদের সাংগঠনিক পরিচয় জোরালো হয়েছে।
এরদানের পরিকল্পনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কারাবন্দিদের কমিশন। তাদের অভিযোগ, এই পরিকল্পনা ফিলিস্তিনি বন্দিদের জীবন আরও দুর্বিষহ করার প্রচেষ্টা। এই পদক্ষেপের বিরুদ্ধে জাতীয় অবস্থান জোরালো করবার আহ্বান জানিয়েছেন কমিশনের প্রধান কাদরি আবুবকর।