স্পোর্টস ডেস্ক
প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ৭০০ গোলের মাইলফলকে পৌঁছে গিয়েছিলেন এক বছর আগেই। সেই ক্লাবে ঢুকি ঢুকি করেও ঢোকা হচ্ছিল না লিওনেল মেসির। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে অবশেষে সেই অপেক্ষার ইতি টানলেন মেসি, বনে গেলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছোঁয়া খেলোয়াড়ও।
লেগানেসের বিপক্ষে গোলটির পর কেটে গিয়েছিল আরো ২৭০টি মিনিট। সেভিয়া, বিলবাও আর সেল্টার বিপক্ষে ম্যাচে গোল পাননি। অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আরো ৫০ মিনিট খেলে পেলেন ক্যারিয়ারের ৭০০তম গোল।
তাকে নিয়ে ৭০০ গোল করা খেলোয়াড়দের সংখ্যা এখন উন্নীত হলো সাতে। ৮০৫ গোল নিয়ে শীর্ষে আছেন জোসেপ বিকান। এরপর ৭৭২ আর ৭৬৭ গোল নিয়ে ব্রাজিলীয় দুই কিংবদন্তি রোমারিও আর পেলে আছেন তালিকার দুই আর তিনে। চার আর পাঁচে আছেন যথাক্রমে ফেরেঙ্ক পুসকাস (৭৪৬ গোল) আর জার্ড মুলার (৭৩৫ গোল)। ছয়ে থাকা রোনালদোর ঝুলিতে আছে ৭২৮টি গোল, যার শেষটি এসেছে মেসির মাইলফলক ছোঁয়ার মিনিট খানেক পরেই। এ তালিকায় রোনালদো আর মেসিই এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।
যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে মাইলফলক ছুঁয়েছেন মেসি, সেটা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় ‘পছন্দের’ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ৩২টি গোল করেছেন তিনি। আর মেসির প্রিয় প্রতিপক্ষের তালিকায় সবার ওপরে আছে সেভিয়া। আন্দালুসিয়ান দলটির বিপক্ষে মেসির গোল ৩৭টি।
বার্সা অধিনায়কের ৭০০ গোলের ৫৮২টি এসেছে বাম পা থেকে। ডান পা থেকে করেছেন ৯২টি গোল। হেডে করেছেন ২৫টি গোল, এমনকি বুক দিয়েও গোল আছে একটি!