বিশ্বকাপ ফিক্সিং বিতর্ক
স্পোর্টস রিপোর্টার
আগের দিনই শ্রীলঙ্কা সরকার সে দেশের পুলিশকে ব্যাপারটা নিয়ে ফৌজদারি তদন্ত করার জন্য আদেশ দিয়েছে। গতকাল পুলিশ তার কাজ শুরু করে দিয়েছে। প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করেছে ২০১১ বিশ্বকাপের সময় শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে।
২০১১ বিশ্বকাপের ফাইনাল পাতানো ছিল, দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রীর এমন দাবির পর সে দেশে শুরু হয়েছে ব্যাপক তত্পরতা। সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি এ নিয়ে তদন্ত করছে। এ ছাড়া তদন্ত শুরু করেছে পুলিশ। তার অংশ হিসেবে গতকাল টানা ছয় ঘণ্টা জেরা করা হয়েছে দেশটির ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি সিলভাকে। এরপরই সেই বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। নয় বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। ঘরে তোলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা। এই ফাইনালে শ্রীলঙ্কা তাদের জিততে থাকা দলে চারটি পরিবর্তন এনেছিল। এমনকি দেশ থেকে উড়িয়ে এনে খেলার মধ্যে না থাকা খেলোয়াড়কেও মাঠে নামিয়েছিল।
এতদিন পর গত বৃহস্পতিবার সেই ম্যাচ নিয়ে অভিযোগ তোলেন সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। স্থানীয় একটি টিভি চ্যানেলে তিনি দাবি করেন, শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড়ও নাকি তাতে জড়িত ছিলেন। দ্রুত প্রতিক্রিয়া জানান মাহেলা জয়াবর্ধনে ও দলকে সেই ম্যাচে নেতৃত্ব দেওয়া কুমার সাঙ্গাকারা।