কার্পেটিং উঠে গিয়ে জনদুর্ভোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন সড়ক বেহাল হয়ে পড়েছে। শহরের ভেতরের কয়েকটি সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর মধ্যে বেশির ভাগ রাস্তার পিচ ও ইট-খোয়া উঠে গেছে। সরেজমিনে দেখা গেছে, আর্ট গ্যালারি থেকে ফকিরপাড়া পর্যন্ত অনেক জায়গায় পিচ উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। হাজিপাড়া মহিলা কলেজ রোড, পূর্ব গোয়ালপাড়া এলাকায় ছোট-বড় অনেক গর্ত রয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। মুন্সিপাড়া থেকে সাধারণ পাঠাগার পর্যন্ত রাস্তার প্রায় পুরো অংশের পিচ ও ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। শাহপাড়ার বাসিন্দা শাহদাত্ হোসেন বলেন, পৌর নির্বাচনের আগে শহরের কিছু রাস্তার সংস্কার করা হয়। কিন্তু যেসব রাস্তা অনেক দিন থেকে ভেঙে আছে, সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না। এখন ইট-খোয়া উঠে এমন অবস্থা হয়েছে, এসব রাস্তায় রিকশাও চলতে চায় না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের পুরোনো কবরস্থানের পাশের রাস্তা, টিকিয়াপাড়া, গোয়ালপাড়া, নরেশ চৌহান সড়কের হলপাড়ার সংযোগ তিনটি রাস্তা, ঘোষপাড়া-সরকারপাড়ার চারটি রাস্তা, হাজিপাড়ার বড়মাঠ থেকে শিমুলতলার রাস্তা, আশ্রমপাড়া শিশুপার্ক থেকে মুন্সিপাড়া, চানমারীপাড়ার রাস্তার অবস্থাও খুব খারাপ। হাজিপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল হাফিজ রাহী বলেন, পৌরসভার অনেক রাস্তায় গর্তের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হয় চালকদের। অনেক সময় গর্তে পড়ে রিকশার ক্ষতিও হয়। ‘নর্দমা উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। প্রতি বছর বর্ষাকালে আমাদের ভোগান্তির শেষ থাকে না।’ পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, ‘প্রয়োজনীয়তা যাচাই করে এসব রাস্তা বাজেট পেলেই পর্যায়ক্রমে সংস্কার করা হবে।’