পলাশবাড়ী উপজেলা সদরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সর্বস্তরের মানুষ। সদরের চৌমাথা মোড় হতে সি-সার্কেল অফিস পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে পড়েছে। ফলে ড্রেনগুলো ময়লায় ভর্তি হওয়ায় শহরের প্রাণকেন্দ্র চৌমাথা মোড়ে ড্রেন দিয়ে প্রবাহিত নোংরা বর্জ্য মহাসড়কে এসে পড়ে।
ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদগামী মুসুল্লি ও পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছে। এ ছাড়া সদরের কালিবাড়ী হাটের চামড়ার বর্জ্য মিশ্রিত পানি প্রবাহে নির্মিত ড্রেনের গতিপথ গাইবান্ধা রোডস্থ সি-সার্কেল অফিস এলাকায়। ফলে সেখানে সর্বক্ষণ বায়ুদূষণের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি ড্রেনেজ সংযোগটি আরো এক কিলোমিটার বাড়িয়ে সদর অতিক্রম করলে এবং ড্রেনগুলো সময়মত পরিষ্কার করলে এ দুর্ভোগ লাঘব হবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বলেন, যেহেতু এখানে পৌরসভার বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেহেতু পূর্বের ন্যায় উপজেলা প্রশাসন আশু সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।