নাজিরপুরে ইমামের হাতে ব্যবসায়ী খুন

পিরোজপুর অফিস

জেলার নাজিরপুর উপজেলায় আব্দুস সবুর হাওলাদার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় এক মসজিদের ইমাম। বুধবার ভোরে উপজেলার সাতকাছেমিয়া এলাকার গাদেরহাটে এ ঘটনা ঘটে। ঘটনা পর পুলিশ ইমাম মো. মিজানুর রহমান মৃধাকে (২৫) আটক করেছে। নিহত ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছেমিয়া গ্রামের মৃত মো. সোবাহান হাওলাদারের ছেলে। গ্রেফতার  মিজানুর একই এলাকার মাহাতাব মৃধার ছেলে ও স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম। নিহতের মেয়ে কারিশমা খানম জানান, ভোরে তার বাবা সবুরকে দা দিয়ে কোপায় মিজানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. ঈশিতা সাধক নিপু জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যাকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে।