বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
মায়ের সঙ্গে স্বর্ণের দোকানে গহনা তৈরি করতে গিয়ে ঐ দোকানের অ্যাসিড পানে মোছা. মোনতাহুল জান্নাত সাবা (৫) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ঐ স্বর্ণের দোকানমালিক সাইফুল ইসলামকে (৪০) আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে বিরামপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা শহরের ‘সোমা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান মোবাইল ফোনে বলেন, উপজেলা শহরের ‘সোমা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে ‘মা’ মোর্শেদা বেগমের সঙ্গে গহনা তৈরি করতে যায় শিশু মোনতাহুল জান্নাত সাবা। সেখানে ক্ষুধা পেলে ঐ শিশুটি মায়ের কাছে বিস্কুট খেয়ে পানি খেতে চায়। এই সময় ঐ দোকানের মালিক সাইফুল ইসলাম গ্লাসে করে পানির বদলে স্বর্ণ পরিষ্কার করা অ্যাসিড খেতে দেয়। গ্লাসের অ্যাসিড খেয়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শিশুটি মারা যায়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, ‘স্বর্ণের দোকানের অ্যাসিড পান করে শিশু মৃত্যুর ঘটনায় দোকানের মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।