লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে এর আগের দিন করোনায় ৭২৭ জন মারা গিয়েছিল। অর্থাত্ এক দিনের ব্যবধানেই দেশটিতে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষ। দেশটিতে গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯ হাজার ৫৯৪ জন। এর মধ্যে রিও ডি জেনিরো রাজ্যেই মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩৩ হাজার ৮৪৬ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২ হাজার ৪১।
সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে প্রথম দিকে করোনার সংক্রমণ কম থাকলেও কঠোর পদক্ষেপের অভাবে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।