করোনা ভাইরাসে আক্রান্ত বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তা এএসএম মাহবুব মোর্শেদের (৫৬) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মধ্য বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
মাহবুব মোর্শেদ পিডিবির হবিগঞ্জের সাহাজিবাজার বিদ্যুেকন্দ্রের সিনিয়র স্টোর অফিসার (জ্যেষ্ঠ ভাণ্ডাররক্ষক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, মাহবুব মোর্শেদের ১৪ জুন করোনা পজিটিভ ধরা পড়ে। তাকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২০ জুন উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
সিভিল সার্জন আরো জানান, এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৪৫ জন। তার মধ্যে বেগমগঞ্জে ২২ জন, সদরে আট জন, সেনবাগে ছয় জন, সোনাইমুড়ীতে তিন জন, চাটখিলে দুই জন, কবিরহাটে দুই জন, সুবর্ণচরে একজন ও কোম্পানীগঞ্জ উপজেলায় একজন।
গতকাল বুধবার আরো ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত ৯টি উপজেলার মধ্যে সদরে ৬৬৮ জন, বেগমগঞ্জে ৬৫৫ জন, কবিরহাটে ২১৯ জন, চাটখিলে ১৪১ জন, সেনবাগে ১০০ জন, সোনাইমুড়ীতে ১১৮ জন, সুবর্ণচরে ১২৯ জন, কোম্পানীগঞ্জে ৯৯ জন ও হাতিয়ায় ২৪ জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৬৬ জন সুস্থ হয়েছেন বলে জানান সিভিল সার্জন।