২০১৯-২০ অর্থবছরে ডিএসইএক্স কমেছে সাড়ে ২৬%

ইত্তেফাক রিপোর্ট

২০১৯-২০ অর্থবছরে দেশের অর্থনীতির অন্য খাতগুলো ইতিবাচক থাকলেও সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ছিল পুঁজিবাজারে। বছরের বেশির ভাগ সময়ে পুঁজিবাজারে বড় ধসের মধ্যে দিয়ে পার করতে হয়েছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক, লেনদেন ও বাজার মূলধন রেকর্ড পরিমাণ কমেছে। ডিএসইর ২০১৯-২০ অর্থবছরের বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের শুরুতে ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৪২১ দশমিক ৬২ পয়েন্ট। বছরের শেষ দিনে অর্থাত্ ৩০ জুন, ২০২০ এই সূচক নেমে যায় ৩ হাজার ৯৮৯ পয়েন্টে। অর্থাত্ এক বছরে ডিএসই প্রধান সূচক কমেছে ১ হাজার ৪৩২ দশমিক ৫২ পয়েন্ট বা ২৬ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইএক্স বেড়ে ছিল  ১৬ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে কমেছে ডিএসই ৩০ সূচকও। বছরের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ১ হাজার ৯২৯ দশমিক ০৯ পয়েন্টে। বছর শেষে এই সূচক নেমেছে ১ হাজার ৩৪০ দশমিক ৯৮ পয়েন্টে। অর্থাত্ সূচক কমেছে ৫৮৮ দশমিক ১১ পয়েন্ট বা ৩০ দশমিক ৪৯ শতাংশ। যেখানে ২০১৮-১৯ অর্থবছরে এই সূচক কমেছিল মাত্র ১ দশমিক ৫৭ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে রেকর্ড পরিমাণ কমেছে ডিএসই শরীয়াহ সূচকও। এই সূচক ২৫ দশমিক ৬৮ শতাংশ কমে ৯২৫ দশমিক ০৮ পয়েন্টে নেমে গেছে। ২০১৮-১৯ অর্থবছরে সূচকটি মাত্র ১ দশমিক ৫১ কমেছিল।

লেনদেন

২০১৯-২০ অর্থবছরে ডিএসইর লেনদেন কমেছে রেকর্ড পরিমাণ। আলোচ্য বছরে ডিএসইতে মোট ৭৮ হাজার ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৪৬ হাজার ১৯৩ কোটি। অর্থাত্ বছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৬ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইতে মাত্র ৮ দশমিক ১০ শতাংশ লেনদেন কমেছিল।

সমাপ্ত অর্থবছরে ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও। ২০১৯-২০ অর্থবছরে ডিএসইতে ২০৩ কর্মদিবসে ২ হাজার ৫৯২ কোটি ৫৭ লাখ শেয়ার লেনদেন হয়েছিল; যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৬৯১ কোটি ৮৯ লাখ শেয়ার। অর্থাত্ ডিএসইতে ৪২ দশমিক ৪০ শতাংশ শেয়ার লেনদেন কমেছে। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার লেনদেন কমেছিল ১৯ দশমিক ৩৩ শতাংশ।