উত্তররৌহা গ্রামে রাস্তা সংস্কার প্রয়োজন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর ইউনিয়নের উত্তররৌহা গ্রামে কসাইবাড়ির মোড় থেকে ছোটো সেতু পর্যন্ত রাস্তা প্রতি বছর ভাঙে। আগে একাধিকবার রাস্তাটি সংস্কার করা হলেও, নরসুন্দা নদীর শাখা খালটির সঙ্গে বৃষ্টির পানি নিষ্কাশনের একটি ড্রেন রয়েছে। পানি নিষ্কাশনের জন্য ইট, বালু, সিমেন্ট ও পাইপ লাগিয়ে কাজ করা হয়েছে। কিন্তু কোনোক্রমেই রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ বা বহাল থাকছে না। রাস্তা প্রতিবছর ভেঙে যাচ্ছে এবং একাধিক খানাখন্দ তৈরি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে ছোটো-বড়ো অসংখ্য খানাখন্দে ভরপুর থাকে রাস্তাটি। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। অথচ নিয়ামতপুর বাজারে যাওয়ার এটিও একটি প্রধান রাস্তা। রৌহা, ভয়রা, মনসন্তোষ, উত্তর মনসন্তোষ, দিগড়কল­া, ভাটিয়া, দেহুন্দা, সেরুয়াকান্দি, জটারকান্দাসহ দূরদূরান্ত থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার লোকজন নিত্যপ্রয়োজনে যাতায়াত করে থাকে। তাই যাতায়াতের দুর্দশা লাঘবে, যান চলাচলের উপযোগী করে তুলতে এবং রাস্তাটি টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মোহাম্মদ আবদুল্ল­াহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর,

করিমগঞ্জ, কিশোরগঞ্জ