ঢামেক পরিচালক
বিশেষ প্রতিনিধি
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক, নার্স ও সংশ্লিষ্টদের পেছনে যে ২০ কোটি টাকা ব্যয়ের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা উদ্দেশ্যমূলক, মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, গত দুই মাসে করোনা রোগীদের চিকিত্সায় নিয়োজিত ছিলেন চিকিত্সক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আনসার সদস্যসহ মোট ৩ হাজার ৬৮৮ জন। ডিউটি রোস্টার অনুযায়ী তারা এক সপ্তাহ করোনা ওয়ার্ডে ডিউটি করার পর পরবর্তী তিন সপ্তাহ আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এ হিসাবে প্রত্যেককে এক মাস করে আবাসিক হোটেলে অবস্থান করতে হয়।
তিনি বলেন, গত দুই মাসে আবাসিক হোটেল ভাড়া, দৈনিক তিন বেলার খাবার এবং যাতায়াত ভাতাবাবদ সম্ভাব্য ব্যয় ২৬ কোটি টাকা হিসাব ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র পাঠানো হয়। মন্ত্রণালয় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে চিকিত্সকদের এক মাসের খাবার খরচ বাবদ ২০ কোটি টাকা শীর্ষ প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।