সমঝোতা ছাড়াই ভারত-চীন সামরিক পর্যায়ের বৈঠক শেষ

কোনো সমঝোতা ছাড়াই ভারত ও চীনের মধ্যকার সামরিক পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। গত দুই মাসে এ নিয়ে তৃতীয় বৈঠক ছিল এটি। এরই মধ্যে দুই দেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সমাধান পেতে আরো বৈঠক করতে হবে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

সামরিক পর্যায়ের বৈঠকটি মঙ্গলবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের চুশূলে হয়েছে। সূত্র দাবি করেছে, আরো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সামরিক ও কূটনৈতিক স্তরে এই বৈঠকগুলো হবে। পারস্পরিক                 সমঝোতার ভিত্তিতে বর্তমান উত্তেজনা প্রশমনে সিদ্ধান্ত হবে। পাশাপাশি সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো হবে। প্রতিরক্ষামন্ত্রণালয় দাবি করেছে, উত্তেজনা প্রশমনে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে সীমান্তে স্থিতাবস্থা ফেরানো প্রাথমিক প্রাধান্য। এই বিষয়ে একমত দুই দেশ।

স্থল ও আকাশপথে প্রস্তুতি ভারতের

বেইজিংয়ের যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ভারতও। স্থলপথ ও আকাশপথের পাশাপাশি জলপথেও প্রস্তুতি শুরু হয়েছে। প্যাংগং লেকে যাচ্ছে নৌবাহিনীর ভ্যাসেল। প্যাংগং লেকে ভারতীয় সেনার টহলদারির জন্য এক ডজন স্টিলের নজরদারি ভ্যাসেল পাঠানো হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে। প্যাংগং লেকে টহলদারির জন্য চীনের সেনাবাহিনীর আছে ৯২বি ভ্যাসেল। এর সঙ্গে টক্কর দিতেই ভ্যাসেলগুলো পাঠানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানায়, তিন বাহিনী যৌথভাবে এই ভ্যাসেলগুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।