বুড়িগঙ্গা চীন-মৈত্রী (প্রথম বুড়িগঙ্গা) সেতুতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলামকে (সিভিল) প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রত্যয় জাহাজ সজোরে সেতুটিতে আঘাত করে। এতে সেতুর সাতটি গার্ডারের দুটি ক্ষতিগ্রস্ত হয়। এর ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে আজ বৃহস্পতিবার একটি টিম সেতুতে যাবে।
জানা গেছে, ঢাকা নদী বন্দরের কাছাকাছি বুড়িগঙ্গা নদীতে সোমবার ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিংবার্ড ডুবে ৩৪ জন মারা যান। ঐ লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় জাহাজ আসার পথে বুড়িগঙ্গা সেতুতে আঘাত হানে। উদ্ধারকারী জাহাজ লঞ্চটি উদ্ধারে যেতে পারেনি। এদিকে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ওপর দিয়ে তাত্ক্ষণিক গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার রাতে সীমিত আকারে গাড়ি চলাচল শুরু হয়।
একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার দিন সঠিক তথ্য না দেওয়া ও উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে টেনে নেওয়া দূরন্ত টাগবোটের চালকদের ওপর চাপ সৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঐ সূত্র জানিয়েছে, প্রত্যয় জাহাজের ক্রেন ১৫ ডিগ্রি নামানোর পরও পানি থেকে এর উচ্চতা ছিল ৪৭ ফুট। অপরদিকে পানি থেকে ব্রিজের উচ্চতা ছিল ৪৩ ফুট। কিন্তু বিআইডব্লিউটিএর নৌপরিচালন ও সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের প্রকৃত ঐ তথ্য জানাতে ব্যর্থ হন। এছাড়া উদ্ধারকারী জাহাজ যারা নিয়ে আসছিলেন তাদেরকে দ্রুত আসার জন্য বারবার চাপ সৃষ্টি করা হয়। মূলত এসব কারণে ঐ দুর্ঘটনা ঘটে। অথচ ঐ সময়ে মাওয়ায় আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম অলস বসে ছিল। রুস্তম জাহাজের ক্রেন পুরোপুরি নামিয়ে নির্বিঘ্নে আনা যেত।
সূত্র আরো জানায়, ডুবে যাওয়া জাহাজটির ওজন ৩৫টন। এটি রুস্তম জাহাজ দিয়ে অনায়াসে তোলা যেত। ভুল তথ্যের কারণে রুস্তমের বদলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে নিয়ে আসা হয়। পরে দেশীয় পদ্ধতিতে ডুবে যাওয়া লঞ্চটি তোলা হয়। সংস্থাটির একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, ভুল তথ্য ও গণমাধ্যমের সামনে নিজেদের উদ্ধার কার্যক্রম অতিমাত্রায় তুলে ধরতে গিয়ে আরেকটি দুর্ঘটনা ঘটল। তিনি জানান, আঘাতের ফলে উদ্ধারকারী জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব যন্ত্রাংশ নষ্ট হয়েছে সেগুলো কোরিয়া থেকে আনতে হবে। এছাড়া জাহাজটি মেরামত করতে কোরিয়া থেকে বিশেষজ্ঞ আনার প্রয়োজন হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে দ্রুত জাহাজটি আনার জন্য চালকের ওপর চাপ ছিল বলে স্বীকার করেন তিনি।
মানববন্ধন-প্রতিবাদ : এদিকে বিআইডব্লিউটিএর দীর্ঘদিনের অব্যাবস্থাপনার জন্য বুড়িগঙ্গায় একের পর এক নৌ দুর্ঘটনা ঘটছে এবং উদ্ধারকারী জাহাজ প্রত্যায়ের গাফিলতির কারণে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেকের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গতকাল বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় আলম টাওয়ারের সামনে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল অফিস জানায়, ঢাকায় লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে গতকাল বরিশাল নদীবন্দরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম।