বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে মেধাবী সোহাগী বেগমের। আগামী ১০ ডিসেম্বর ভর্তির শেষ দিন। চলতি শিক্ষা বর্ষে সোহাগী ব্যবসা শিক্ষা শাখায় বেরোবিতে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৫তম স্থান দখল করেছে।
অদম্য মেধাবী সোহাগী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রমের দিনমজুর হারুণ অর রশিদের মেয়ে। ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় সোহাগী। বাকি ৩ ভাই বোন বিভিন্ন কলেজ লেখাপড়া করছেন। বাবা হারুন অর রশিদ একজন দিনমজুর ও বর্গা চাষি। বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাদের পরিবারের। ৪ ছেলেমেয়ের লেখাপড়ার পেছনে অন্যের বাড়িতে কাজ করতে হয় তাকে। একবেলা খেয়ে না খেয়ে দিনযাপন করলেও কখন হাত পাতেননি অন্যের কাছে। অবশেষে মেয়ের উচ্চ শিক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন হারুণ অর রশিদ।
সোহাগী বেগম ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় মহিষখোচা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৬৭ পেয়েছেন। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে মেধা তালিকায় ১৫তম স্থান দখল করেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েও অনিশ্চিত হয়ে পড়েছে তার উচ্চ শিক্ষা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সোহাগী বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু জীবনের শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। কোথায় পাবে টাকা, কে দিবেন টাকা? এই চিন্তায় দিন কাটছে সোহাগীর। দিনমজুর বাবার পক্ষে এ টাকা জোগাড় করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ জন্য সোহাগী সমাজের বিত্তবান লোকদের তার সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। সোহাগীর সাথে যোগাযোগের মোবাইল নম্বর ০১৭৮০৫৩৫৪৫৭ অথবা ০১৭৫২৫৫১৬৩৫।