করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুমিল্লায় মারা গেছে ছয় জন। রামগতিতে মারা গেছেন এক পুলিশ সদস্য। খবর আমাদের স্টাফ রিপোর্টার, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা: কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের একটি ভবনে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য স্থাপিত ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ছয় জন মারা গেছেন। বুধবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের আইসোলেশনে তিন জন এবং আইসিইউতে তিন জন মারা যান। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভুঁইয়া।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন—চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আমিনুল হক (৭৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার জহির খান (৫০), একই এলাকার আবদুল করিম (৬০)। আইসিইউতে মৃত ব্যক্তিরা হলেন—শাহরাস্তি উপজেলার আবদুল করিম (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মফিজুর রহমান (৮০) ও বুড়িচং উপজেলার রামপুর এলাকার মফিজুল ইসলাম (৬৫)।
রাজশাহী: রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ল্যাব সহকারী মাসুদ রানার (৪৫) মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে দুপুরে করোনার উপসর্গে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মীর শওকত আলীর মৃত্যু হয়। তার বাড়ি নগরীর হোসনীগঞ্জ এলাকায়।
খুলনা: খুলনায় করোনার উপসর্গে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে গত মঙ্গলবার বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা বেগম (৫৬) নামে এক নারী ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত আনোয়ারা নগরীর রায়েরমহল এলাকার আবদুল হাকিমের স্ত্রী।
অপরদিকে রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, তিলক গ্রামের আতিয়ার রহমান (৮০) এক সপ্তাহ ধরে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নাটোর: নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী এলাকায় বিধান সরকার (৪৮) নামে ঢাকাফেরত এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মঙ্গলবার রাতে ঢাকা থেকে নাটোরে আসেন। বুধবার সকালে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে আত্মীয়স্বজন সৎকার করতে এগিয়ে আসেনি। এ ঘটনার খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে শ্মশানে বিধান সরকারের মৃতদেহ সত্যকারের ব্যবস্থা করেন।
রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতিতে করোনার উপসর্গ নিয়ে প্রবীর কান্তি নাগ (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামো গ্রামে। তিনি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।