পীরগাছায় পাহারাদারকে বেঁধে ৯টি দোকানে ডাকাতি করা হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল ডাকাতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। গত বুধবার রাত ৩টার দিকে উপজেলার কান্দিরহাট ও নটাবাড়ি বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার কান্দিরহাটে ডাকাত দল নৈশপ্রহরী এছাহাক আলীকে পিটিয়ে আহত করে পাশের একটি মাদ্রাসায় গাছের সাথে বেঁধে রাখে। এসময় কান্দিরহাটের শামছুল আলমের শাহীন স্টোর, আলা মিয়ার আঁখি স্টোর, গণি মিয়ার ফারুক স্টোর, রাকু মিয়ার টিনের দোকান, জাকির হোসেনের গালামালের দোকান ও কালাম মিয়ার দোকানে তালা ভেঙে ডাকাতি করা হয়। একই ডাকাত দল পার্শ্ববর্তী তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি বাজারে আব্দুল হাই, আফজাল হোসেন ও মাহবুব মাস্টারের দোকানে ডাকাতি করে। ডাকাত দল ৯টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
কান্দিরহাটে পাহারাদার এছাহাক আলী জানান, হঠাত্ করে ১০/১২ জনের একটি ডাকাত দল তাকে আক্রমণ করে পাশের মাদ্রাসার একটি গাছের সাথে বেঁধে রাখে।
ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ডাকাত দল তালা ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে নগদ ৩৫ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়। আমরা আতঙ্কে রয়েছি।
কান্দিরহাটের ইজারাদার শাহ আলম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হাটের পাহারাদারকে বেঁধে ডাকাত দল মালামাল লুট করে নিয়ে যায়।