রাজশাহী মেডিক্যাল কলেজে যুক্ত হচ্ছে আরও পাঁচটি নতুন বিভাগ

রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) আরও পাঁচটি নতুন বিভাগ যুক্ত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী নতুন পাঁচটি বিভাগ হচ্ছে- ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ। এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত হতে হবে। রামেক অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঞ্জুরিপত্র অনুযায়ী, দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিক্যাল কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩১টি পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজের নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে। পাঁচটি নতুন বিভাগ সংযুক্ত হওয়ার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে নতুন দিক উন্মোচিত হবে। দ্রুত বিভাগগুলো বাস্তবায়ন করা হবে। এজন্য অচিরে জনবলও পাওয়া যাবে।

রাজশাহী নগরীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে অগ্নিদগ্ধ হয়ে শিশু রত্না খাতুনের (১১) মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে নগরীর নতুন বুধপাড়া নজিরের মোড়ের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রত্না ওই এলাকার রুবেল হোসেনের মেয়ে।

জানা গেছে, সকালের দিকে রত্নার মা একতলা ছাদের উপরে চুলায় রান্না করছিলেন। এসময় রত্নাও পাশে বসেছিল। কিছু সময় পর রত্নার মা নিচে ভ্যান থেকে পেঁয়াজ কিনতে যান। এসময় কোনোভাবে রত্নার কাপড়ে আগুন লেগে যায়। পরে রত্নাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু দগ্ধ রত্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকায় পাঠানোর কথা বলেন চিকিত্সক। দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রত্নার মৃত্যু হয়। পরে বাদ আসর নতুন বুধপাড়া কবরস্থানে দাফন করা হয় রত্নাকে।