ডুমুরিয়ায় চেয়ারম্যানকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ!

বুধবার রাতে ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হোসেনকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, ঘটনার রাতে ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন আঠার মাইল বাজার থেকে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে ছেলে আফজাল হোসেন লিটুকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে বাগান থেকে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাদের শরীরে লাগেনি। খবর পেয়ে স্থানীয় আঠারমাইল পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়ি পৌঁছিয়ে দেয়।

ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার ও তাজা দুটি ককটেল নিষ্ক্রিয় করা হয়।