চিলাখাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে ভাঙন

পুরাতন ভবনটি তিস্তায় বিলীন হওয়ার পর এবার নতুন ভবনে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ের একটি রুমের মেঝে ভেঙে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গঙ্গাচড়া সূত্রে জানা গেছে, প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে চিলাখাল এলাকায় একটি নতুন ভবন নির্মাণ করা হয়। গত বছর ২০ অক্টোবর এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়। তিস্তার ভাঙনে ইতিমধ্যে পুরাতন ভবন তিস্তায় বিলীন হয়েছে। এরপর ভাঙন এসে লেগেছে নতুন ভবনে। নতুন ভবনের একটি রুমের মেঝে পানির তোড়ে ভেঙে গেছে। স্থানীয়রা জানান, উজানে পারুলিয়া থেকে তিস্তার একটি ছরা বের হয়ে তিস্তার পানি বিদ্যালয়ে এসে সরাসরি আঘাত করে।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নতুন ভবনটিও সরানোর অনুমতি পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন বলেন, পুরাতন ভবনটি সরিয়ে নেওয়ার পর নতুন ভবনেও ভাঙন দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন ভবনটিও সরানোর অনুমতি দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যেহেতু নতুন ভবনের কিছু অংশ ভেঙে গেছে সেহেতু এ ভবনটি সরানোর জন্য প্রধান শিক্ষককে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, যেহেতু নদীর ভাঙন বিদ্যালয়ের একদম কাছে সেহেতু এই মুহূর্তে সেখানে কাজ করা সম্ভব না। তিনি আরো বলেন, কাজ করতে যে ব্যয় হবে তার চেয়ে সহজে বিদ্যালয়টি সরানো যাবে।