নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজের প্রবেশপথটি যেন ছোট খালে পরিণত হয়েছে। এতে যাতায়াত অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। গত কদিনের বৃষ্টিতে কলেজ গেইটের সামনে হাঁটু পানি জমেছে। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘরবাড়ি এবং দোকানপাটগুলো পাশাপাশি গড়ে ওঠার কারণে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে নোংরা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জলাবদ্ধতার বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং সংসদ সদস্যকে জানানো হয়েছে। আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম জানান, তেলিগাতী সরকারি কলেজের জলাবদ্ধতা নিরসনে প্রবেশপথের দুই পাশে ড্রেন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে।