করোনা টেস্টে ফি নির্ধারণ

ভাঙ্গুড়ায় ঝিমিয়ে পড়েছে নমুনা সংগ্রহ

করোনা টেস্টে ফি নির্ধারণ করায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী গত ২৮ জুন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহে ২০০ টাকা আর বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ কারণে নমুনা দিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন দরিদ্র মানুষ। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ জুন পর্যন্ত এখানে সরকারি খরচে ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফি নির্ধারণের পরে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত ২৫ জনের নমুনা পাওয়া গেছে। এদের মধ্যে স্বেচ্ছায় ১১ জন, খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমানের উদ্যোগে স্বল্পআয়ের ১২ জন এবং দুই জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। বৃহস্পতিবার মাত্র একজনের নমুনা সংগ্রহ করা গেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮ জুন থেকে করোনা টেস্টের ফি নির্ধারণ করে দেওয়ার আগে যে চাপ ছিল এখন তা নেই। তবে যারা ফি দিয়ে নমুনা পরীক্ষা করতে চায় তাদেরটা নেওয়া হচ্ছে।