বাঘায় সংঘর্ষে যুবক নিহত

বাঘায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হাসুয়ার কোপে মারা গেছে হূদয় আহমেদ নামের এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। বুধবার রাতে চিকিত্সার জন্য হূদয়কে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার পাকুড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হূদয় ঐ গ্রামের দুখু মিয়ার ছেলে।

পাকুড়িয়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, হূদয় বুধবার দুপুরে বাড়ির পাশে নিজ জমিতে লাগানো মেহগনি গাছের ডাল কাটছিল। এ সময় প্রতিবেশী এক ব্যক্তি গাছটি তার জমির ওপর বলে দাবি করে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিবেশী ও তার লোকজন লাটি-সোটা, হাতুড় এবং লোহার পাইপ নিয়ে হূদয়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।