চুনারুঘাটে ভাতিজার হাতে চাচা খুন

হবিগঞ্জের চুনারুঘাটে কবরস্থানের সীমানা পিলার নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া (৬৪) হাজি আব্দুল হাকিমের ছেলে। এলাকাবাসী জানায়, জিতু মিয়া কবরস্থানের সীমানায় পিলার দিতে গেলে তার ভাই সাজু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে হামলা, পালটা হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। এ সময় ভাতিজা মিজান ও রমজান লাঠিসোটা নিয়ে জিতু মিয়ার মাথায় আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি নাজমুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।