গাইবান্ধায় বাম জোটের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের চক্রান্ত বন্ধসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়।

জোট সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ২২টি রাষ্ট্রায়ত্ত পাটকল বিক্রির চক্রান্ত চলছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিলে অসংখ্য মানুষ কর্মসংস্থান হারিয়ে অনাহার-অসহায় জীবনযাপন করবে। তাই পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা।