মধুখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সিদ্দিকুর রহমান মোল্লা (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কোড়কদী ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ঐ গ্রামের মৃত আদিলউদ্দিন মোল্লার ছেলে।
কোড়কদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মুকুল হোসেন বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য আহমেদের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। অভিযোগ প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য আহমেদ আলী বলেন, আমি এলাকায় নেই। জানতে পেরেছি এলাকায় ইউপি চেয়ারম্যান মুকুলের দুই দল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।