হেরে শীর্ষ চার অনিশ্চিত চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লিভারপুল নিশ্চিত করে ফেললেও শীর্ষ চারের নিষ্পত্তি হয়নি এখনো। লেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড আর উলভারহ্যাম্পটনের মধ্যে শেষ দুই স্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ। বুধবার রাতে নিজেদের লেস্টার সিটি আর চেলসি যথাক্রমে ২-১ আর ৩-২ ব্যবধানে এভারটন আর ওয়েস্ট হ্যামের কাছে হেরে ম্যানইউ আর উলভারহ্যাম্পটনকে বড় সুযোগই করে দিয়েছে।

দিনের শুরুতে হারের বিস্বাদটা নেয় লেস্টার। এভারটনের মাঠে ১৬ মিনিটেই রিচার্লিসন আর গিলফি সিগার্ডসনের গোলে পিছিয়ে পড়ে তারা। ৫১ মিনিটে কেলেচি ইহেনাচোর গোলে ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা পায়নি দলটি।

তাদের হার সম্ভাবনার দুয়ারই খুলে দিয়েছিল চেলসির সামনে। ৪২ মিনিটে উইলিয়ানের পেনাল্টি থেকে এগিয়ে গিয়ে সে সুযোগ কাজে লাগানোর সম্ভাবনা জাগায় তারা। তবে এর মিনিট দশেকের ভেতরেই টমাস সুচেক আর মিখাইল অ্যান্টনিওর গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। ৭২ মিনিটে উইলিয়ান সমতায় ফেরান দলকে। তবে ৮৯ মিনিটে আন্দ্রেই ইয়ার্মালেঙ্কোর গোলে কপাল পোড়ে ব্লুজদের।

এই হারের ফলে তিনে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধানটা এক পয়েন্টেরই রয়ে গেছে তাদের। তবে বড় সুযোগটা করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, যারা গতকালই ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ চারে ফেরার আশা উজ্জ্বল করেছে।

ম্যানইউ-উলভসের চেয়ে এখন দুই পয়েন্টে এগিয়ে আছে চেলসি। তবে হারের গ্লানি ভুলে দলকে সামনে তাকানোর পরামর্শ দিচ্ছেন ল্যাম্পার্ড। বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আর উলভস দুই দলই দারুণ ছন্দে আছে। তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছি আমরা। আর দারুণ মৌসুম কাটাতে থাকা লেস্টারের চেয়ে একটু পিছিয়ে আছি আমরা। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা আশাহত কারণ ম্যাচটা জিততে চেয়েছিলাম। এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই।’ তবে শীর্ষ তিনে যেতে না পারায় কিছুটা হলেও হতাশ ল্যাম্পার্ড, ‘কিন্তু যদি সত্যি কথাটা বলি তাহলে আমি বলব আজকের ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের।’