পায়ের চোট থেকে সেরে গত বুধবার মাঠে ফিরেছেন এসি মিলান তারকা জলাতান ইব্রাহিমোভিচ। তবে স্পালের বিপক্ষে তার প্রত্যাবর্তনটা সুখকর হয়নি মোটেও। ২-২ গোলে ড্র করেছে তার দল। মে মাসে অনুশীলনে ফিরেই চোট পেয়েছিলেন ডান পায়ে, তাই করোনাসৃষ্ট বিরতি শেষে মিলান মাঠে ফিরলেও ইব্রার ফেরা হয়নি। তবে বুধবারের ম্যাচে শুরু থেকেই ছিলেন না তিনি। প্রতিপক্ষের মাঠে ৬৫ মিনিটে যখন নামছেন, দল তখন পিছিয়ে দুই গোলে। ৭৯ মিনিটে মিলানকে ম্যাচে ফেরান পর্তুগীজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। এরপর অন্তিম সময়ে আত্মঘাতী গোলে কোনোক্রমে হার এড়ায় তারা। মিলানের নগর প্রতিদ্বন্দ্ব্বী ইন্টার অবশ্য এদিন বড় জয়ই পেয়েছে। ব্রেসিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আরো সুসংহত হয়েছে দলটি।