খাদ্যে ভেজালকারীরা জরিমানা নিয়ে আর প্রশ্ন তুলতে পারবে না :তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগে যখন বিভিন্ন কোম্পানির ভেজাল পণ্যের ওপর জরিমানা করা হতো, তখন তারা সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিত। তাদের যুক্তি ছিল, আমরা তাদের খাদ্যসামগ্রীর যথাযথ মান পরীক্ষা করেছি কি না বা করলেও পরীক্ষায় তার সঠিক প্রতিফলন হয়েছে কি না? ফলে এরকম অনেকগুলো মামলা এখনো ঝুলে আছে। কিন্তু আজকের (গতকাল) এই ল্যাবের উদ্বোধনের ফলে এখন থেকে খাদ্যে ভেজালকারীরা তাদের মানহীন পণ্যের বিরুদ্ধে আরোপিত জরিমানা নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবাজারে আধুনিক খাদ্য পরীক্ষাগার উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন। এ সময় ডিএসসিসি মেয়র বলেন, এই ল্যাবটা আন্তর্জাতিকভাবে অ্যাক্রিডিটেড ল্যাব? ফলে এখন থেকে আমরা যে কোনো পণ্যের মান সঠিকভাবে নিরূপণ করতে পারব এবং ভেজাল পণ্যের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। তাই ঢাকাবাসীর জনস্বাস্থ্য তথা স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে এই আধুনিক খাদ্য পরীক্ষাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, যে কোনো খাদ্যসামগ্রীর মান নির্ণয়ের জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে কিন্তু খাদ্যসামগ্রীর মান নির্ণয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণতা ছিল না। এই ল্যাবের শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, চিকিত্সাবিজ্ঞান বলছে, মানুষের ইমিউনিটি বাড়লে, ভাইরাস সহজেই তাকে কাবু করতে পারে না। আর মানুষের ইমিউনিটি নির্ভর করে ফুড-সাইকেলের ওপর। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডিবির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের আওতায় ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট’ প্রকল্পের অধীনে সাতটি সিটি করপোরেশনে আধুনিক খাদ্য পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে। গতকাল উদ্বোধন হওয়া তার মধ্যে একটি।