কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ১০

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও ১০ জন। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পরে খবর পেয়ে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল  জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ওই নারীর লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।