যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড, দিনে আক্রান্ত ৫২ হাজার

করোনা ভাইরাসে সংক্রমণে আবার রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক দিনে ৫২ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বুধবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রে দিনে ১ লাখ রোগীও শনাক্ত হতে পারে। এর মধ্যেই জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানায়, নতুন করে ৫২ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর বিবিসির

বিদেশে সফর করে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা

ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও গ্রীসে এক সফর করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। জনসন গতকাল তার বিমান অবতরণের ওপর একটি ইনস্টাগ্রাম ভিডিও এবং অ্যাথেন্স বিমানবন্দরে মাস্ক পরা অবস্থায় সেলফি পোস্ট করেন। তিনি ডেইলি মেইল পত্রিকাকে জানিয়েছেন, প্রয়োজনীয় কাজেই তিনি এথেন্স গিয়েছেন। সেখানে তার একটি বাড়ি রয়েছে যেটি ভাড়া দেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর প্রয়োজন ছাড়া সব ধরনের সফর বাতিল করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। গ্রিসও ১৫ জুলাইয়ের আগে ব্রিটেন থেকে সরাসরি ফ্লাইট ঢুকতে দেবে না। বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমি স্টোন মন্তব্য করেছেন, ঘটনা দেখে মনে হচ্ছে আমাদের জন্য এক আইন, আর তাদের জন্য আরেক আইন।

ভারতে ১২ দিনে ২ লাখ রোগী শনাক্ত

ভারতে দ্রুত বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। ৬ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ৪০০ মতো। মার্চ মাস থেকে লকডাউন ছিল দেশটিতে। যেটা জুনের শুরুর দিকে আস্তে আস্তে শিথিল করা হয়েছে।