হংকং নিরাপত্তা আইন ইস্যু

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ

হংকং নিরাপত্তা আইন পাশ এবং সেই আইনে হংকংয়ে গ্রেফতার অভিযান চালানোর কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই আইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চীনকে শাস্তি দিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। ব্রিটেন এরই মধ্যে হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। চীন এ বিষয়ে ব্রিটেনকে কড়া সতর্কবার্তা দিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ

পরিষদে ‘দ্য হংকং অটোনমি অ্যাক্ট’ নামের বিলটি পাশ হয়েছে। এর মাধ্যমে হংকংয়ে চীনের পক্ষে গণতন্ত্রপন্থিদের ওপর নিপীড়নকারী ব্যক্তিদের সঙ্গে কোনো ব্যাংক লেনদেন করতে পারবে না। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি হংকং নিরাপত্তা আইনকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করে বলেন, এর বিরুদ্ধে এই বিলটি তাত্ক্ষণিক প্রতিক্রিয়া। বিলটি এখন সিনেটে পাশ করতে হবে। এরপর স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যাবে।

ব্রিটেনকে সতর্কবার্তা চীনের

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। ব্রিটেনে চীনা দূতাবাস বলেছে, ব্রিটেন নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করলে তারাও পালটা পদক্ষেপ নেবেন। এরই মধ্যে হংকংয়ে ওয়াং নামের ২৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি পুলিশকে ছুরিকাঘাত করে ব্রিটেনে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন। তাকে বিমান ছাড়ার কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়।