৩০ সাল নাগাদ নারী কোটা পূরণে শর্ত আরোপের দাবি

রাজনৈতিক দলে ৩০ সাল নাগাদ ৩৩ শতাংশ নারী কোটা পূরণের শর্ত আরোপ করে গণপ্রতিনিধিত্ব অ্যাক্টের ৯০ অনুচ্ছেদে যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আরপিওর ৯০-এর খ-এর খ(¡¡) অনুচ্ছেদে কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ সদস্যপদ নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এই লক্ষ্যমাত্রা পর্যায়ক্রমে ২০২০ সাল নাগাদ অর্জন করার বিধান রাখা হয়। কিন্তু বর্তমানে আইনের খসড়ায় এই ধারা বাস্তবায়নের জন্য নতুন করে কোনো সীমারেখা না রেখে তা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের বার্ষিক প্রতিবেদনে এই লক্ষ্যমাত্রা অর্জনের বিবরণী অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। কিন্তু এর ফলে বিভিন্ন কারণ দেখিয়ে কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে দলগুলো নারীদের বঞ্চিত করার সুযোগ পাবে। এ রকম সুযোগ যাতে রাজনৈতিক দলগুলো নিতে না পারে সেজন্য নারী প্রগতি সংঘ মনে করে কোনো না কোনোভাবে একটি সময়সীমা বেঁধে দিয়ে এই অনুচ্ছেদটিকে স্মার্ট করা যেতে পারে। নারী সংঘ দাবি করে, পাঁচ বছর পর ৫০ শতাংশ অর্জন দেখাতে না পারলে দলের নিবন্ধন বাতিল হবে। এটা নিশ্চিত করা গেলে ২০৩০ সাল পর্যন্ত ১০ বছরে এক্ষেত্রে কমপক্ষে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। এই অনুচ্ছেদে ‘মহিলা’ শব্দটির পরিবর্তে ‘নারী’ ব্যবহার করারও সুপারিশ করা হয়।