গার্মেন্টসসহ পুরো রপ্তানি খাত ফের বড় অঙ্কের করছাড় পেয়েছে। রপ্তানির বিপরীতে উেস কর শূন্য দশমিক ৬০ শতাংশ (০.৬০%) থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ (০.২৫%) করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। চলতি মাস থেকে কার্যকর হবে নতুন এ করহার। এর ফলে সরকারের সম্ভাব্য রাজস্ব প্রায় দেড় হাজার কোটি টাকা কমতে পারে। এর আগেও এক দফা রপ্তানি কর কমানো হয়েছিল। ওই সময় এক শতাংশ থেকে দশমিক ৬০ শতাংশে নামিয়ে আনা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, মূলত গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের চাপেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কার্যত গার্মেন্টস খাতের উপর ভর করে অন্যান্য রপ্তানিখাতও একই সুযোগ পেল।
গত ডিসেম্বর থেকে এ খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। বাড়তি মজুরির চাপ থেকে উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে রপ্তানির উেস কর কমাতে সরকারকে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া সম্প্রতি তৈরি পোশাক শিল্পের অভ্যন্তরীণ ক্রয় ও সেবার ওপর ভ্যাটের ক্ষেত্রেও ছাড় দিয়েছে এনবিআর। গত ৩ ডিসেম্বর তৈরি পোশাক খাতের পরিবহন ব্যয়, ল্যাবরেটরি টেস্ট, তথ্যপ্রযুক্তি ব্যয় ও শ্রমিক কল্যাণে ব্যয় করা অর্থের ওপর ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করে আদেশ জারি করে এনবিআর। পাশাপাশি সুতা আমদানিতে মূল্য ঘোষণা ও বৈশ্বিক বাজার সম্ভাব্যতা নিরূপণ সহজ করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানির উেস কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হয়। পরবর্তীতে রপ্তানিকারকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তা ফের এক বছরের জন্য দশমিক ৭০ শতাংশে নামিয়ে আনে সরকার। চলতি অর্থবছর থেকে যথারীতি এক শতাংশ হয় রপ্তানির কর। কিন্তু গার্মেন্টস মালিকদের অনুরোধের প্রেক্ষিতে সরকার দশমিক ৬০ শতাংশে আনে। আর গতকালের আদেশের মাধ্যমে তা নেমে এলো শূন্য দশমিক ২৫ শতাংশে।