তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন্স, বিএসএমএমইউ’র ভিসিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। তাকে সহায়তা করেন আইনজীবী মো. মাসুদ রানা।
মানহানির মামলায় গত ২২ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। গত নভেম্বর মাসে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার স্ত্রী সাজু হোসেন। তখন হাইকোর্ট তার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তলব করে। ওই প্রতিবেদন আসার পরেই আদালত উপরোক্ত আদেশ দেয়।