বিনোদন ডেস্ক
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের মাস্টারজি কোরিওগ্রাফার সরোজ খান। বলিউডে একের পর এক নক্ষত্র পতন। কেউ বা স্মৃতি বিগলিত হয়ে মনে করছেন প্রথমদিনের অভিজ্ঞতা, আবার কেউ বা মানুষ সরোজ খানকে। কারণ তার ছন্দে অনেকেই পেয়েছেন পরিচয়। সাধারণ মানুষের মন জয় করেছেন। খ্যাতনামা এই কোরিওগ্রাফার তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। এরইমধ্যে বলিউড তারকা থেকে কর্মী অনেকেই সরোজ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিগ বি অমিতাভ বচ্চন থেকে, তাপসি পান্নু, রীতেশ দেশমুখ সকলেই শোকবার্তা দিয়েছেন। এছাড়াও বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার থেকে মনিষা কৈরালাও শোক প্রকাশ করেছেন সরোজ খানের প্রয়াণে। বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ শুক্রবার সকালে শোকবার্তায় লিখেছেন, ‘রেস্ট ইন পিস সরোজ খান জি। বলিউডের জন্য তা অপূরণীয় ক্ষতি। আমি ওনার সঙ্গে আলাদিন ছবিতে কাজ করতে পেরে খুশি।’ বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন, ‘সকালে এই খবর পেয়ে ভীষণ মন খারাপ। হাত এখনও বন্ধ, আর মন খুব খারাপ।’ মনিশা লিখেছেন, ‘আমি ক্লাসিক্যাল ড্যান্স ছাড়া আর কিছু জানতাম না। বলিউডে আসার পরে উনি আমাকে তৈরি করেছেন।’