কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়ে বলেছেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।’
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের পর স্বামী বদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। বদিকে বাদ দিয়ে এবার কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে তার স্ত্রীকে নৌকার প্রার্থী করেছিল আওয়ামী লীগ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্ব্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট। ২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও বদি আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন।