শপথের বাণী অক্ষরে অক্ষরে পালন করব : শেখ তন্ময়

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে জানিয়ে দেশের জন্য কাজ করার কথা জানিয়েছেন বাগেরহাট-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহাম নাসের তন্ময়। তিনি বলেন, শপথে যে কথাগুলো বলেছেন, তার পুরোটাই তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন। এজন্য তিনি দেশবাসীর পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন সংসদ সদস্যরা। এদের একজন শেখ তন্ময়।

শপথ গ্রহণ শেষে তন্ময় বলেন, ‘অনুভূতি তো একটা থাকবেই। তবে এই অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো, আমার উপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটা পালন করতে হবে।’ তন্ময় বলেন, ‘নির্বাচনের সময় এ রকম বিষয় ছিল। এখন নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর দায়িত্বটা অন্যরকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।’