বিশ্বকাপ ফাইনাল বিতর্ক

দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাঙ্গাকারাকে

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গনে এখন রীতিমতো আগুন জ্বলছে। ২০১১ বিশ্বকাপ তারা ভারতকে ছেড়ে দিয়েছিল, এমন অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে একের পর এক সাবেক ক্রিকেটারকে। প্রথমে সেই বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাবে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর টানা ১০ ঘণ্টা জেরা করা হয়েছে বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। এরপর জেরার মুখে দাঁড়ানোর কথা সহঅধিনায়ক মাহেলা জয়াবর্ধনের।

পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাঙ্গাকারা বললেন, সত্যের প্রকাশ দেখতে চান তিনি, ‘আমি এখানে এসেছিলাম ক্রিকেটের প্রতি দায়িত্ববোধ ও সম্মান থেকেই। আশা করি তদন্ত শেষে মাহিন্দানন্দার অভিযোগ নিয়ে সত্যটি বেরিয়ে আসবে।’ সাঙ্গাকারার আগে আরেক সাবেক অধিনায়ক ও ঐ সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ছয় ঘণ্টা, ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে দুই ঘণ্টা। মাহেলা জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ করার কথা শুক্রবার।

২০১১ বিশ্বকাপের ফাইনাল পাতানো ছিল, দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রীর এমন দাবির পর সে দেশে শুরু হয়েছে ব্যাপক তত্পরতা। সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি এ নিয়ে তদন্ত করছে। এ ছাড়া তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকালই শ্রীলংকার পুলিশ জানিয়েছে তারা এ বিষয় নিয়ে আর তদন্ত করবে না। এখন পর্যন্ত তারা মনে করছে ফাইনালটি পাতানো ছিল না।