স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হতে খুব বেশিদিন সময় বাকি নেই। এমন সময় ইংল্যান্ড দলেও হানা দিয়েছে বিপদ। তিন দিনের প্রস্তুতি ম্যাচের সময় অসুস্থতা অনুভব করায় স্বেচ্ছায় আইসোলেশনে আছেন স্যাম কুর্যান। বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই পেস বোলিং অলরাউন্ডারের ডায়রিয়া আছে এবং অসুস্থতা অনুভব করছেন।
তিন দিনের ম্যাচের প্রথম দিনে বুধবার খেলেছেন কুর্যানও। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ১৫ রানে। কিন্তু বৃহস্পতিবার তিনি মাঠে নামেননি। এরপরই বোর্ডের বিবৃতি থেকে জানা যায় তার অসুস্থতার খবর। তিন দিনের প্রস্তুতি ম্যাচে কুর্যানকে আর দেখা যাবে না। দলীয় চিকিত্সক তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। বৃহস্পতিবার তার কোভিড-১৯ পরীক্ষাও করানো হয়েছে। ফল জানা যাবে শুক্রবার।
ইংল্যান্ড দল থেকে অবশ্য বলা হয়েছে, করোনা ভাইরাসের শঙ্কা আপাতত তারা করছেন না। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলকে যে পরিবেশে রাখা হয়েছে, ইংল্যান্ডের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পরিবেশ বলা যায় সেটিকে। তবে কুর্যান পজিটিভ না হলেও ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রথমে টেস্টে তার খেলার সম্ভাবনা কমে এলো অনেকটাই। ইংল্যান্ডের স্কোয়াডের বাকি সবার কোভিড-১৯ পরীক্ষা আগের সূচি অনুযায়ীই করা হবে রোববার। এরপর প্রথম টেস্টের চূড়ান্ত প্রস্ততি নেবে দল।