স্পোর্টস ডেস্ক
এক ম্যাচ আগে চেলসির কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ে লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছিল লিভারপুলের। তাই মুখোমুখি লড়াইয়ের দিনে ম্যাচ শুরুর আগে প্রায় ত্রিশ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুলকে সম্মানসূচক ‘গার্ড অব অনার’ দিতে কার্পণ্য করেনি গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-০ গোলে হারিয়েছে সফরকারীদের। এ জয়ের মাধ্যমে ১৯৩৭ সালের পর এবারই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা তিনটি হোম ম্যাচ জিতল ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে সিটিজেনরা, দ্বিতীয়ার্ধে অন্য গোলটি আসে লিভারপুলের আত্মঘাতী উপহার হিসেবে।
ম্যাচের ২৫ মিনিটে প্রথম ভুলটা করে লিভারপুল। পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে। ম্যাচের ৩৫ মিনিটে রাহিম স্টার্লিং ও ৪৫ মিনিটে ফিল ফোডেন গোল করে ব্যবধান ৩-০ করেন। প্রথমার্ধেই লিভারপুলকে হারের পথ দেখিয়ে দেন। দ্বিতীয়ার্ধে নিজেদের জালে বল ঢুকিয়ে হারের ব্যবধান আরো বড় করেন অ্যালেক্সজান্ডার চেম্বারলিন।
এ ম্যাচের পর ৩২ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুলের। লিগের বাকি আর মাত্র ছয়টি ম্যাচ।
এটি লিভারপুলের দ্বিতীয় হার। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম হারের স্বাদ পায় তারা। এবার হারল ম্যানচেস্টারের আরেক ক্লাবের কাছে। এছাড়া ২০১৫ সালের মের এই প্রথম অলরেডসরা প্রথমার্ধে তিন গোল খাওয়ার রেকর্ড গড়ল। তবে, লিভারপুলের ভাবনাতে আর চলতি মৌসুম নেই। এখন থেকেই যেন পরের লিগ নিয়ে ভাবতে বসেছেন কোচ জার্গেন ক্লপ। এর কারণও জানিয়েছেন ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া এই জার্মান।
তিনি বলেন, ‘পরের মৌসুমে আমরা লিগ শিরোপা রক্ষা করব না; তাড়া করব। এতদিনে আমি একটা বিষয় শিখেছি, যখন মনে হবে চূড়ায় উঠে গেছি, একই সঙ্গে তখন বুঝতে হবে যে, নিচে নামার যাত্রাও শুরু হয়ে গেছে।’
আগামী মৌসুমের প্রতিপক্ষদের নিয়েও সতর্ক কোচ ক্লপ। তিনি বলেন, ‘পরের মৌসুমে সিটি শক্তিশালী থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেডও শক্তিশালী থাকবে। চেলসিও শক্তিশালী থাকবে। অবশ্যই সিটি দুর্দান্ত একটা দল। ইউনাইটেড, চেলসিও দারুণ অবস্থায় আছে।’