করোনা মোকাবিলায় ‘উজ্জ্বল সাফল্যের’ দাবি কিমের

 বিবিসি

করোনা মহামারি মোকাবিলায় নিজ দেশের ‘উজ্জ্বল সাফল্য’ দাবি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। দেশটির ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর বৈঠকে তিনি বলেছেন, তার দেশ এ ভাইরাস ছড়ানোর পথ বন্ধ করে দিয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে, ছয় মাস আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। দেশটি দাবি করে আসছে, সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়নি। যদিও সমালোচকরা এ বিষয়ে সন্দিহান। এরই মধ্যে বৃহস্পতিবার পলিটব্যুরোর বৈঠকে ছয় মাস ধরে করোনার বিরুদ্ধে উত্তর কোরীয় সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন কিম। তিনি দাবি করেন, তার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সফলভাবে ভাইরাস মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তবে এখনই মহামারি ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো শিথিল করার পক্ষপাতী নন কিম। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে এখনো ভাইরাসের প্রকোপ চলছে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘তিনি (কিম) বারবার সতর্ক করেছেন যে, হুট করে মহামারিবিরোধী পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয় ও দুঃসহ সংকট তৈরি করবে।’