ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকার জব্দের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

এএফপি

বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উদ্যোগে ভেনিজুয়েলাগামী ইরানি তেলবাহী চারটি ট্যাংকার জব্দের পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র আগেই আইআরজিসিকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছে।

জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ভেনিজুয়েলাগামী ইরানের ট্যাংকার বেল্লা, বেরিং, পান্ডি ও লুনা জব্দ করার আদেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই তেল রপ্তানির সঙ্গে আইআরজিসি জড়িত, যুক্তরাষ্ট্র এটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে চিহ্নিত করেছে।

আদালত বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলেছে, ভেনিজুয়েলায় তেল রপ্তানির আয়োজক তেল, গ্যাস ও পেট্রোলিয়াম ট্রেডার মাহমুদ মাদানিপুর আইআরজিসির মনোনীত। যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াতে জাহাজ থেকে জাহাজে তেল সরানোর এটি প্রথম সারির প্রতিষ্ঠান। তবে ইরানি তেল ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্র সরকার কীভাবে জব্দ করবে সে বিষয় স্পষ্ট করে কিছু জানা যায়নি।